যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও শ্বশুর পলাতক

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১২:৪৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১২:৪৬:৩৮ অপরাহ্ন
নওগাঁয় যৌতুকের টাকা না পেয়ে রেহানা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নিহতের মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলেও অভিযোগ স্বজনদের।

বৃহস্পতিবার (২১ মে) রাতে জেলার মহাদেবপুর উপজেলার সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রতন ও তার বাবা পলাতক রয়েছেন।

জানা গেছে, ২০২২ সালের এপ্রিলে নওগাঁর বক্তারপুর এলাকার সোহেল রানার মেয়ে রেহানার সঙ্গে মহাদেবপুর উপজেলার সুলতানপুর এলাকার রতনের বিয়ে হয়। বিয়ের সময় কনের বাবা সাধ্যমতো নগদ এক লাখ টাকা এবং প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে ধুমধাম করে মেয়েকে জামাতার হাতে তুলে দেন। তাদের সংসারে তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বেকার স্বামী রতন ব্যবসার জন্য রেহানার পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু দরিদ্র বাবার পক্ষে এই মোটা অঙ্কের টাকা দেয়া অসম্ভব হওয়ায় রেহানার ওপর প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন চলত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা হতো।
 
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে যৌতুকের টাকার জন্য রেহানার ওপর আবারও চড়াও হন স্বামী রতন। এতে যোগ দেন রতনের মা জহুরা বেগমও। একপর্যায়ে শক্ত বাঁশ দিয়ে রেহানার মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তার ওপর চালানো হয় বেপরোয়া নির্যাতন। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রেহানা।
 
নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে রূপ দিতে রেহানার মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। গভীর রাতে রেহানার পরিবারকে খবর দেয়া হয় যে, রেহানা আত্মহত্যা করেছেন। তবে খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রেহানার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। ঘটনার পরপরই ঘাতক রতন ও তার বাবা এলাকা ছেড়ে পালিয়ে যান।
 
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক বলেন, ‘খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :