​হচ্ছে নতুন আইন

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৪:১৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৪:৩২:৩৭ অপরাহ্ন
র‌্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি যে আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা গঠন করব কি না সেটা এখনো চিন্তা-ভাবনার বিষয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি আইনে ‍র‍্যাব পরিচালিত হচ্ছে। এটা এডহক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে পরিচালিত হওয়া সঠিক ছিল না। এখন আমরা একটা আইন করবো আলাদা এলিট ফোর্সের জন্য, এখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি সুনির্দিষ্ট করা থাকবে এবং সেটার ভিত্তিতে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এটা এখনো ডিটেইল বলার সময় আসেনি।’

আগামীতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে বলে আশাপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু কর্মকর্তার কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য প্রতিষ্ঠান দায়ী না। ফ্যাসিবাদের সময় কিছু কর্মকর্তা এবং  র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল।’
 
ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে এলিট ফোর্স হিসেবে নতুন কিছু গড়ে তোলা সম্ভব হলে, নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্র পুর্নবিবেচনা করবে বলে বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটা ফ্যাসিস্ট শাসনামলে ক্ষতিগ্রস্ত হয়নি। সেটা পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না। যার যার প্রতিষ্ঠানের আইনে এবং প্রচলিত আইনের সমস্ত কর্মকর্তাকে একাউন্টেবল করার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছে।

আমেরিকা যখন র‍্যাবের এর ওপর স্যাংশন দিয়েছিল তখন র‍্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল...রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারের যারা দণ্ডমুণ্ডের কর্তা শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্য এই জাতীয় অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। র‍্যাবের উপর আমেরিকার স্যাংশনটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেম করি বা রেইজ করি সেখানে হয়তো তারা বিষয়টি পুনঃবিবেচনা করবেন। সেটা আশা করা যায়, তবে এখনো অনেক কিছু বাকি আছে..দেখা যাক।’

র‍্যাবকে ফের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে কি না প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মর্নিং সোজ দ্য ডে। তিন মাস হয়ে গেল। এর মধ্যে পুলিশ কি ব্যবহৃত হয়েছে? র‍্যাব কি ব্যবহৃত হয়েছে, পলিটিক্যাল উদ্দেশে অন্য কোনো বাহিনী কী ব্যবহৃত হয়েছে? সুতরাং মর্নিং সৌজ দা ডে।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :