​শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে আনা হলো ট্রাইব্যুনালে

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১২:২৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০১:৫৫:২৮ অপরাহ্ন
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। 

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ মে প্রসিকিউশনের পক্ষ থেকে ডা. দীপু মনিসহ তিনজনকে আদালতে হাজিরের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়। পরে ট্রাইব্যুনাল শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন।

প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডা. দীপু মনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পক্ষে বক্তব্য দেন। একই সঙ্গে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে বিভিন্ন সম্প্রচার মাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে।

এ মামলায় এরই মধ্যে ছয়জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে ঢাকাসহ চারটি স্থানে সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :