​হামের বদলে জলাতঙ্কের টিকা!

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৫:০১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৫:২৮:২১ অপরাহ্ন
টাঙ্গাইলের ভূঞাপুরে হামের টিকার পরিবর্তে এক মাস বয়সী শিশুকে দেওয়া হয়েছে জলাতঙ্কের (র‍্যাবিক্স) টিকা। 

বুধবার (১৩ মে) দুপুরে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন আজ দুপুরে তার এক মাস ৫ দিন বয়সী শিশু ফাহিতাকে হামের টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে নিয়ে যান। এ সময় সেখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম হামের টিকার পরিবর্তে ওই শিশুকে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন দেন। এর কিছুক্ষণ পর শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ঘটনাটি প্রকাশ পেলে স্বজনরা এর প্রতিবাদ করেন। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ায় হাসপাতালে আসা অন্যান্য শিশুর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা ভুল চিকিৎসার জন্য বিচার দাবি করেন। 

এদিকে কর্তৃপক্ষ বলছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম অবসরে যাওয়ার পর সেখানে দায়িত্ব পালনের কথা ছিল সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। কিন্তু নুরুল ইসলাম হাসপাতালে না থাকায় অবসরে থাকা কাইয়ুমকে দিয়ে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশুর পরিবার জানায়, এ ঘটনার প্রতিবাদ করলে খারাপ ব্যবহার করেন কাইয়ুম ও নুরুল ইসলাম। শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তার গাফলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, ‘ভুলবশত হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। এটা অনিচ্ছাকৃত ভুল।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি অবসরে চলে গেছেন। তারপরও ভ্যাকসিন কার্যক্রম চালানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :