শিগগিরই বাংলাদেশিদের জন্য ফের ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:১৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:১৮:৪০ অপরাহ্ন
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে ভারত শিগগিরই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে বলে খবর দিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।

এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি চলতি মাসের শেষ দিকে বা জুন মাসে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পরিষেবা পুনরায় শুরু করতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ভারত বর্তমানে বাংলাদেশিদের জন্য প্রতিদিন প্রায় এক হাজার মেডিকেল ভিসা ইস্যু করছে। এখন ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার চেষ্টা চলছে।

২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

গেল ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস এবং ছায়ানট ভবনে হামলা হয়। ওই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ, সে সময় মিশনে ঢিলও ছোড়া হয়।

তাতে টানাপড়েন আরো বাড়ে। ভারতেও বাংলাদেশের কয়েকটি মিশনের সামনে বিক্ষোভ হয়। দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা এবং কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।

গত ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার পর উভয় দেশ ভিসা কার্যক্রম আবার স্বাভাবিক করার উদ্যোগ নেয়। টানা দুই মাস ভিসা কার্যক্রম বন্ধ রাখার পর বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় ২০ ফেব্রুয়ারি থেকে ফের সব ধরনের ভিসা দেওয়া শুরু করে দিল্লির বাংলাদেশ হাই কমিশন।

এরপর ভারতের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়েও আলোচনা শুরু হয়। বিজনেস লাইন বলছে, গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নয়াদিল্লি সফর দুই সরকারের মধ্যে জমে থাকা ‘বরফ গলানোর’ কাজ করেছে।

ঢাকার রাজনৈতিক পটপরিবর্তনের পর সেটাই ছিল প্রথম উচ্চপর্যায়ের কোনো বৈঠক, যা কনস্যুলার পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের পথ প্রশস্ত করেছে।

একটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি বলেছে, বাণিজ্য, শুল্ক, পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা এবং কনস্যুলার বিষয়গুলোর মত বিভিন্ন ক্ষেত্রে কারিগরি পর্যায়ের বৈঠকগুলো আবার শুরুর জন্য দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। এসব বৈঠকে ঝুলে থাকা সব সমস্যা এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

২০২৪ সালের অগাস্টের আগ পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভারত প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ হাজার ভিসা ইস্যু করত; যা ২০২৬ সালের শুরুর দিকে কমে প্রতিদিন এক থেকে দেড় হাজারে নেমে আসে। চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন ছাড়া ভিসা দেওয়া বন্ধ করে দেয় দিল্লি।

বিজনেস লাইন লিখেছে, কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হওয়ায় গত এক বছরে দুই সরকারের আরোপিত বিভিন্ন বাণিজ্যিক ও ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত বিধিনিষেধগুলোও দূর হবে বলে উভয় দেশের ব্যবসায়ীরা আশাবাদী হয়ে উঠেছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :