কর্মসংস্থান মেলা: প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য নতুন সুযোগ

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৩:৩২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৩:৩৪:৪২ অপরাহ্ন
গাইবান্ধায় আয়োজিত ‘কর্মসংস্থান মেলা-২০২৬’ কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।  ৯ মে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন।

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন খোকন কুমার কুন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এবং সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি।

আয়োজকেরা জানান, জঅওঝঊ প্রকল্পের আওতায় ১২টি ট্রেডে ৮৬৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩০০ জন ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন; ২১৯ জন স্বকর্মসংস্থানে রয়েছেন। বাকি প্রশিক্ষণপ্রাপ্ত ও আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্যই এ জব ফেয়ারের আয়োজন করা হয়।

মেলায় দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানসহ মোট ১৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে আরএফএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টলে সরাসরি আবেদন গ্রহণ করে। চাকরিপ্রত্যাশীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তাৎক্ষণিক সাক্ষাৎকারের সুযোগ পান।

স্বাধীনতা প্রাঙ্গন মাঠজুড়ে দিনভর ছিল চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের সরব উপস্থিতি। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন তাদের জন্য সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।

আয়োজকেরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা কাজে লাগিয়ে টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়তা করবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :