যশোর শিক্ষা বোর্ড

কালি সংকটে আটকে আছে হাজারো শিক্ষার্থীর মূল সনদ

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১২:২৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১২:২৭:৪২ অপরাহ্ন
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দীর্ঘ সময় পার হলেও এখনো মূল সনদ (সার্টিফিকেট) হাতে পায়নি শিক্ষার্থীরা। সর্বশেষ ২০২৪/২৫ সালের পরিক্ষা র ফলাফল প্রকাশের পর সাত মাস পেরিয়ে গেলেও বোর্ড কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারছে না কবে নাগাদ এই সনদ বিতরণ করা হবে। এতে উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রাসহ নানা প্রশাসনিক কাজে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

​বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। নিয়ম অনুযায়ী কয়েক মাসের মধ্যে মূল সনদ দেওয়ার কথা থাকলেও ৭ মাস ধরে তা ঝুলে আছে। আগামী ২ জুলাই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, অথচ আগের বছরের উত্তীর্ণরাই এখনো সনদ পাননি। শুধু ২০২৫ সালই নয়, ২০২৪ সালের অনেক শিক্ষার্থীও এখনো তাদের মূল সার্টিফিকেট বুঝে পাননি বলে অভিযোগ উঠেছে।

​ভুক্তভোগী অভিভাবক মনিরুজ্জামান জানান, তার ছেলেকে স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর জন্য মূল সার্টিফিকেট প্রয়োজন। কিন্তু বোর্ডে যোগাযোগ করলে তাকে নির্ধারিত ফি দিয়ে 'প্রভিশনাল সার্টিফিকেট' তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সমস্যার কথা জানান আইয়ুব হোসেন নামের আরেক অভিভাবক। মূল সনদ না থাকায় আবেদন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

​সনদ ছাপাতে এই দীর্ঘসূত্রতার কারণ হিসেবে প্রিন্টারের 'কালি সংকট' ও 'আইনি জটিলতাকে' দায়ী করছে বোর্ড কর্তৃপক্ষ। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, "বোর্ডে আইনি জটিলতার কারণে কালির সংকট ছিল। বর্তমানে টেন্ডারের মাধ্যমে কালি কেনা হয়েছে এবং সনদ ছাপানোর কাজ পুরোদমে চলছে। ছাপার কাজ শেষ হলে স্বাক্ষর শেষে এগুলো কলেজে পাঠিয়ে দেওয়া হবে।"

​বোর্ডের সচিব প্রফেসর মাহাবুবুল ইসলাম জানান, পূর্ববর্তী কর্মকর্তাদের অবহেলার কারণে কালি ক্রয়ের টেন্ডারে আইনি জটিলতা তৈরি হয়েছিল। বর্তমানে সেই সমস্যা সমাধান করা হয়েছে। তিনি আরও জানান, শুধু ২০২৫ সাল নয়, আগের কর্মকর্তারা ২০২৪ সালের যে সার্টিফিকেটগুলো ছাপাননি, সেগুলোও এখন ছাপানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সব সনদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে।

​তবে কবে নাগাদ এই প্রক্রিয়া শেষ হবে, তার কোনো সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ। ফলে মূল সনদের অপেক্ষায় থাকা হাজার হাজার শিক্ষার্থীর অনিশ্চয়তা যেন কাটছেই না।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :