​৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:২৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:২৭:৩১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন রোববার (৭ জুন) বিকাল ৩টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন ডেকেছেন।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই আদেশের তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার নামে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। বিজ্ঞপ্তিতে একে ২০২৬ খ্রিষ্টাব্দের বাজেট অধিবেশন হিসেবে তুলে ধরা হয়েছে।

গত ৩০ এপ্রিল মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয়ে ২০২৪ সালের ৩ জুলাই। সেটি ছিল বাজেট অধিবেশন, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন ও পাস করা হয়। ৩০ জুন বাজেট বাজেট পাসের পর ৩ জুলাই ওই অধিবেশন শেষ হয়।

এরপর ছাত্র-জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ এগিয়ে নেওয়ার পর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজন করে। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় পরে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :