দেশে এলো ১ লাখ টন ক্রুড অয়েল, ইস্টার্ন রিফাইনারিতে আশার সঞ্চার

আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৩:৪৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৩:৫১:৫০ অপরাহ্ন
সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৬ মে) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখান থেকে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাসের প্রক্রিয়া বিকেলে শুরু হওয়ার কথা রয়েছে। পরে এই তেল পতেঙ্গায় নেয়া হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, এই চালান ইস্টার্ন রিফাইনারির উৎপাদন স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেল খালাস সম্পন্ন হলে আগামী শুক্রবার (৮ মে) থেকে প্রতিষ্ঠানটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের সরবরাহে সংকট তৈরি হলে ৫ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারির মূল উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জ্বালানির অভাবে ১২ এপ্রিল থেকে পুরোপুরি উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র এই শোধনাগারটির।

ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তারা জানিয়েছেন, এই চালানসহ মোট দুই লাখ টন ক্রুড অয়েল পৌঁছালে প্রতিষ্ঠানটি অন্তত দুই মাস পুরোদমে উৎপাদন চালাতে পারবে। পাশাপাশি তিন মাসের মজুত সক্ষমতা তৈরির পরিকল্পনাও নেয়া হচ্ছে।

ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ১১ বা ১২ মে আরও একটি এক লাখ টন ক্রুডবাহী জাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। সেটি ২২ বা ২৩ মের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এছাড়া হরমুজ প্রণালির কারণে আটকে পড়া আরেকটি এক লাখ টন ক্রুডবাহী জাহাজ আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। সব মিলিয়ে আগামী কয়েক মাস ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েলের সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :