​লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৫:৩৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৫:৩৫:৫৯ অপরাহ্ন
লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। এ নিয়ে যুদ্ধে মৃতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিদিনই চলছে বিমান হামলা ও বিস্ফোরণ।

শনিবার (০২ মে) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নাবাতিয়েহ, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত হানা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। 

পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহও। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরাইলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাংক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার নতুন কৌশল প্রয়োগ করছে তারা। এতে ইসরাইলি সেনা হতাহতের ঘটনাও ঘটছে।

মার্চের শুরু থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :