​কোরবানির পশুতে ঘাটতি নেই, থাকবে উদ্বৃত্ত: প্রাণিসম্পদ মন্ত্রী

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০২:৫২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৩:২৭:০৭ অপরাহ্ন
চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমান উর রশিদ। তিনি বলেছেন, ‘সম্ভাব্য চাহিদার তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে।’

রোববার (৩ মে) সচিবালয়ে কোরবানির পশু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, এ বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। সে হিসাবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

প্রজাতিভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘দেশে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। উট ও দুম্বা জাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।

মন্ত্রী আরও বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গবাদি পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কোরবানিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপব্যবহার বা অনিয়ম না হয়, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে।’

এদিকে রাজধানী ঢাকায় এবার ২৬টি অস্থায়ী পশুর হাট বসবে বলে জানান তিনি।

সরকারের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :