​ওপেক ছাড়ল আরব আমিরাত

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৩:২৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৩:২৯:০৯ অপরাহ্ন
দীর্ঘ ৬০ বছরের সম্পর্কের ইতি টেনে তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক রূপকল্প এবং জ্বালানি খাতের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী জানান, কোনো জোটের বাধ্যবাধকতায় না থাকলে তেল উৎপাদনের ক্ষেত্রে দেশটি এখন অনেক বেশি স্বাধীন ও নমনীয় সিদ্ধান্ত নিতে পারবে। ১৯৬৭ সালে ওপেকে যোগ দিয়েছিল আমিরাত। এখন তাদের প্রস্থানের ফলে এই জোটের সদস্য সংখ্যা ১১-তে নেমে আসবে।

বিশ্লেষকদের মতে, ওপেকের জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এমএসটি ফিন্যান্সিয়ালের প্রধান সল কাভোনিক বিষয়টিকে 'ওপেকের পতনের শুরু' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আমিরাত বেরিয়ে যাওয়ার ফলে ওপেক তাদের মোট উৎপাদন সক্ষমতার প্রায় ১৫ শতাংশ হারাবে। এ ছাড়া জোটের নিয়ম মেনে চলার ক্ষেত্রে আমিরাত অন্যতম নির্ভরযোগ্য দেশ ছিল।

ওপেকের সর্বশেষ তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাত বছরে গড়ে ২৯ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। অন্যদিকে জোটের অঘোষিত নেতা সৌদি আরব উৎপাদন করে ৯০ লাখ ব্যারেল। সল কাভোনিক মনে করেন, এখন থেকে সৌদি আরবের পক্ষে ওপেককে ধরে রাখা কঠিন হয়ে পড়বে। বাজার নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার সব দায়িত্ব এখন প্রায় একাই সৌদি আরবকে সামলাতে হবে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, আমিরাতকে অনুসরণ করে অন্য দেশগুলোও জোট ছাড়তে পারে। এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং বিশ্ব তেলের বাজারে এক মৌলিক পরিবর্তন নিয়ে আসবে। 

সূত্র: বিবিসি, রয়টার্স, আল-জাজিরা

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :