​মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৪:১৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৪:৩৫:০৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না। মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। কেউ যদি কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বে দেশ বর্তমান সংকট কাটিয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক এবং এরইমধ্যে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সংগঠনটি আজ থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

নবগঠিত কমিটির নেতৃত্বে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তৃত করার পরিকল্পনা আছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধির প্রেক্ষাপটে তরুণদের মাধ্যমেই এ ইতিহাস সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক প্রভাবের ফল। তবে এই সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে উৎসাহ দিতে কর-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক নির্ভরতা কমবে।

স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিরোধযোগ্য রোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। জনগণের চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :