দেশজুড়ে আবার শুরু হয়েছে খাল খনন: পার্বত্য মন্ত্রী

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০২:৪৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০২:৪৩:৪২ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, কৃষকের ভাগ্যোন্নয়নের কথা চিন্তা করেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু পরবর্তী সরকারগুলো নদী-খাল খনন না করে বরং তা দখল করেছে। রোববার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটির সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

খাল খননের এই ৪০ দিনের কর্মসূচির আওতায় মানিকছড়ি ছড়া ব্রিজ হইতে বড়পাড়া নালা পর্যন্ত এবং কুকুকছড়ি বাজার হতে মোনতলা পর্যন্ত মাউরুম খাল করা হবে।

দীপেন দেওয়ান আরও বলেন, বিগত সরকারের সময়ে এ খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে যায়। এতে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হয়, শুষ্ক মৌসুমে পানি সংকট তৈরি হয় এবং জীব-বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তি‌নি ব‌লেন, এসব এলাকায় উদ্যোক্তা সৃষ্টি ক‌রে কর্মক্ষম ব্যক্তিদের আত্ম-কর্মসংস্থানের লক্ষে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হ‌বে।

পার্বত্য মন্ত্রী আরও ব‌লেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় আবারও খাল খনন কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচি সফল হলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের পরিবেশগত ভারসাম্যও পুনরুদ্ধার হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পার্বত্য মন্ত্রণালয়ের উপ স‌চিব বরীন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হো‌সেন চৌধুরী, এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী আহাম্মদ স‌ফি, রাঙামা‌টি জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক মামুনুর র‌শিদ মামুনসহ বি‌ভিন্ন স্ত‌রের নেতৃবৃন্দ উপস্থিত ছি‌লেন।

রাঙমা‌টি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙ্গা ও বালুখালী ইউনিয়নে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :