সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫৫:১৭ অপরাহ্ন
উত্তরের জেলা দিনাজপুরের হিলি বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী হতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার ২৬ এপ্রিল সকালে  হিলি বাজারে সরজমিনে দেখা গেছে, বর্তমানে বাজারের প্রতিটি দোকানে নতুন ‘হালি’ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৪০ টাকা। তবে বাজারের কোনো দোকানেই এখন আর পুরনো ‘মুড়িকাটা’ পেঁয়াজ দেখা যাচ্ছে না।

বিক্রেতারা জানান, মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় বাজারে সরবরাহ কমে গিয়েছিল, ফলে গত সপ্তাহে দাম কিছুটা বেড়েছিল। তবে বর্তমানে নাটোর, রাজশাহী ও পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে হালি জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব এলাকা থেকে নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ এখন আগের চেয়ে অনেক বেশি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘‌বর্তমানে মোকামে পেঁয়াজের আমদানি অনেক বেশি। আগে মোকাম থেকে আমাদের ১০০০-১৩০০ টাকা মণ দরে পেঁয়াজ কিনতে হতো, যা এখন আমরা ৮০০-১০০০ টাকার মধ্যে কিনতে পারছি। পাইকারি পর্যায়ে দাম কমায় খুচরা বাজারে কম দামে বিক্রি করছি।’ বাজারে পেঁয়াজ সরবরাহ এভাবে অব্যাহত থাকলে সামনের দিনগুলোয় দাম আর বাড়ার সম্ভাবনা নেই বলে আশা প্রকাশ করেন তিনি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :