​প্রধানমন্ত্রীর অনুদানে ইরানে যাচ্ছে কোটি টাকার ওষুধ সামগ্রী

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০২:৪৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৫১:৩৮ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে ইরানের জনগণের জন্য জরুরি চিকিৎসা সহায়তা হিসেবে ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ। এ সহায়তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদান অর্থায়নে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির কাছে এসব ওষুধ হস্তান্তর করা হয়। হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে।

ইরানের রাষ্ট্রদূত এই মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই সহমর্মিতার প্রশংসা করেন।

রেড ক্রিসেন্টের মহাসচিব বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ।

উল্লেখ্য, ইরানে আহতদের চিকিৎসা সহায়তার জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :