​এক্স নিয়ে চলমান তদন্তের জেরে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৫:০৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৫:০৭:১৯ অপরাহ্ন
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার)-এর মালিক ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে তলব করেছে ফ্রান্সের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। এই সামাজিক যোগাযোগমাধ্যমটিকে কেন্দ্র করে চলমান একটি বড় তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (২০ এপ্রিল) তাঁকে প্যারিসে হাজির হতে বলা হয়েছে। মাস্কের পাশাপাশি এক্সের সাবেক সিইও লিন্ডা ইয়াকারিনোকেও তলব করা হয়েছে। তবে মাস্ক শেষ পর্যন্ত স্বেচ্ছায় হাজিরা দেবেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই তদন্তে অভিযোগ করা হয়েছে যে, ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে এক্সের অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। ফরাসি প্রসিকিউটররা তদন্তের পরিধি আরও বিস্তৃত করে এখন এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘গ্রোক’-এর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন।

তদন্তকারীদের দাবি, গ্রোক নাৎসি গণহত্যাকে অস্বীকার করার পাশাপাশি আপত্তিকর ‘ডিপফেক’ ছবি ছড়িয়েছে। এছাড়া অভিযোগের তালিকায় শিশু যৌন নির্যাতনের ছবি সংরক্ষণে সহায়তা এবং মানবতাবিরোধী অপরাধ অস্বীকারের মতো স্পর্শকাতর বিষয়গুলোও রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে এক্সের প্যারিস অফিসে অভিযান চালায় ফরাসি পুলিশ। সে সময় এক্স কর্তৃপক্ষ এই অভিযানকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘বিচারব্যবস্থার অপব্যবহার’ বলে নিন্দা জানিয়েছিল। তবে প্যারিস প্রসিকিউটর অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাস্ক বা সংশ্লিষ্ট অন্য কেউ হাজির না হলেও তদন্ত প্রক্রিয়া থেমে থাকবে না।

প্যারিসের প্রধান প্রসিকিউটর লর বেকু জানান, এক্সের অন্য কর্মীদেরও ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে মাস্কের জিজ্ঞাসাবাদের সুনির্দিষ্ট স্থান ও সময় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গ্রোক চ্যাটবট নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক এখন তুঙ্গে। বিশেষ করে নারী ও শিশুদের আপত্তিকর ও নগ্ন ছবি তৈরিতে এই চ্যাটবট ব্যবহৃত হওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে এলন মাস্কের এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (সিসিডিএইচ) দাবি করেছে, মাত্র ১১ দিনে গ্রোক প্রায় ৩০ লাখ আপত্তিকর ছবি তৈরি করেছে, যার বড় অংশ শিশুদের মতো দেখতে।

ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যও এক্স ও এক্সের এআই গ্রোক চ্যাটবটের বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু করেছে।

ফ্রান্সের এই তলবকে এক্সের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি চাপ বাড়ানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত এখনও চলমান। মাস্কের হাজিরা এবং পরবর্তী ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মিডিয়া।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :