​মধ্যপ্রাচ্যে এত তেল ও গ্যাস কোথা থেকে এলো?

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৪:৩১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৫:১৩:৩২ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার বিশ্ব অর্থনীতি ও রাজনীতির মূল চালিকাশক্তি। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের অন্য সব অঞ্চলকে ছাড়িয়ে কেন এই নির্দিষ্ট এলাকাটিই জ্বালানি সম্পদে এত সমৃদ্ধ হলো? বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই বিস্ময়কর ভূতাত্ত্বিক রহস্যের উত্তর খুঁজে পাওয়া গেছে।

ভূতাত্ত্বিক জাদুকরী প্রক্রিয়া
পেট্রোলিয়াম ভূতাত্ত্বিকদের মতে, লক্ষ লক্ষ বছর ধরে চলা বিশেষ প্রাকৃতিক প্রক্রিয়া মধ্যপ্রাচ্যকে জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে। আজ থেকে প্রায় ৩৫ মিলিয়ন বছর আগে অ্যারাবিয়ান প্লেট এবং ইউরেশীয় প্লেটের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়, তা এখনও চলমান। এই সংঘর্ষের ফলে ভূ-গর্ভের শিলাস্তরগুলো দুমড়ে-মুচড়ে ভাঁজ হয়ে ‘জাগরোস পর্বতমালা’ এবং বিশাল গম্বুজ আকৃতির কাঠামো তৈরি করেছে। এই প্রাকৃতিক গঠনই তেল ও গ্যাস আটকে রাখার জন্য আদর্শ ‘রিজার্ভার’ বা আধার হিসেবে কাজ করে।

জৈব পদার্থের প্রাচুর্য ও উচ্চ উৎপাদন ক্ষমতা
জুরাসিক ও ক্রিটেসিয়াস যুগে (২০ থেকে ৬ কোটি বছর আগে) এই অঞ্চলে সামুদ্রিক জীব বা প্লাঙ্কটনের জৈব পদার্থ জমা হয়ে পুরু শিলাস্তর তৈরি করেছিল। এই শিলাগুলোতে জৈব পদার্থের পরিমাণ ১ থেকে ১৩ শতাংশ পর্যন্ত, যা অত্যন্ত উচ্চমানের জ্বালানি তৈরি করতে সক্ষম। পারস্য উপসাগরীয় অঞ্চলে এমন ৩০টিরও বেশি ‘সুপার জায়ান্ট’ তেলক্ষেত্র রয়েছে, যার প্রতিটিতে অন্তত ৫০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে। এখানকার তেলকূপগুলোর উৎপাদন ক্ষমতা রাশিয়া বা উত্তর সাগরের কূপগুলোর চেয়ে দুই থেকে পাঁচ গুণ বেশি।

বিশ্বের বৃহত্তম খনি ও ভবিষ্যৎ সম্ভাবনা
সৌদি আরবের ‘ঘাওয়ার’ বিশ্বের বৃহত্তম তেলক্ষেত্র এবং ‘সাউথ পার্স-নর্থ ডোম’ বিশ্বের অন্যতম বড় গ্যাসক্ষেত্র। পৃথিবীর মাত্র ৩ শতাংশ ভূ-ভাগের নিচে বিশ্বের প্রায় অর্ধেক তেল এবং ৪০ শতাংশ গ্যাস মজুত থাকার এই ঘটনা ভূতাত্ত্বিকভাবে অতুলনীয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, এক শতাব্দী ধরে উৎপাদনের পরও এখানে আরও প্রায় ৮৬ বিলিয়ন ব্যারেল তেল এবং বিশাল পরিমাণ গ্যাস অনাবিষ্কৃত থেকে যেতে পারে।

সহজ উৎপাদন পদ্ধতি এবং বিশাল প্রাকৃতিক মজুতের কারণে মধ্যপ্রাচ্যের কোনো নিকটতম প্রতিদ্বন্দ্বী নেই। এই অতুলনীয় খনিজ সম্পদের কারণেই মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হলে পুরো বিশ্ব জ্বালানি সংকটের আশঙ্কায় কেঁপে ওঠে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :