​৩৪ বছর পর মুখোমুখি ইসরাইল-লেবাননের শীর্ষ নেতারা

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:০৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:১৩:৪৭ অপরাহ্ন
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগের আভাস মিলেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা করতে যাচ্ছেন ইসরাইলের নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি এই উদ্যোগকে বড় ধরনের অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প লিখেছেন, ইসরাইল ও লেবাননের মধ্যে উত্তেজনা কমাতে একটি ইতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। প্রায় ৩৪ বছর পর দুই দেশের শীর্ষ নেতারা মুখোমুখি আলাপে বসতে যাচ্ছেন, যা বৃহস্পতিবারই অনুষ্ঠিত হওয়ার কথা।

যদিও এই আলোচনায় কারা অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে এই সংলাপ হতে পারে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে দুই দেশের মধ্যে আলোচনা হলেও তা শীর্ষ পর্যায়ে হয়নি। ফলে তিন দশকের বেশি সময় পর এই প্রথমবারের মতো সর্বোচ্চ পর্যায়ে সরাসরি যোগাযোগ হতে যাচ্ছে।

এর আগে গত মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। শুরু থেকেই লেবানন স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে।

অন্যদিকে, ইসরাইল হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছে।

দীর্ঘ বিরতির পর এই উচ্চপর্যায়ের সংলাপকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক’ পদক্ষেপ হিসেবে দেখছেন ট্রাম্প।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :