​৩ মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মা আটক

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৩:০৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৫:১৭:২৪ অপরাহ্ন
নড়াইল সদর উপজেলায় ৩ মাস বয়সি শিশুসন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। এক মাস আগে অভিযুক্ত শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসসুমকে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায়, আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ ভোরে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায়, আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, আমি এখানে এসে তাবাসসুমের গলার দু’পাশে দাগ দেখতে পাই।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :