চাঁদপুর পৌরসভায় বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:৪৮:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:৪৮:০২ পূর্বাহ্ন
চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে বড় ধরনের অনিয়ম ও অবহেলার অভিযোগ উঠেছে। জেলার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চাঁদপুর ১৫০ মেগাওয়াট সিসিটিপিপি (বিউবো)-এর কাছে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ পৌরকর বকেয়া থাকলেও তা আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এতে পৌরসভার আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রটির কাছে মোট ৮১ লাখ ৪৫ হাজার ৫৯৩ টাকা কর বকেয়া রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত পূর্বের বকেয়া ৩২ লাখ ৪২ হাজার ৬৮২ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরের চলতি কর ৪৯ লাখ ২ হাজার ৯১১ টাকা। এত বড় অংকের কর দীর্ঘদিন ধরে অনাদায়ী থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক তাগিদপত্র সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপকের কাছে পাঠানো হয়েছে। তবে শুধুমাত্র চিঠি পাঠিয়েই দায় শেষ করছে পৌরসভা- এমন অভিযোগও উঠেছে। বাস্তবে কর আদায়ে কঠোরতা বা আইনি পদক্ষেপের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে দাবি স্থানীয়দের।

সচেতন মহলের মতে, একটি বড় সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠানের কাছেই যদি এত বিপুল পরিমাণ কর বকেয়া থাকে, তাহলে অন্যান্য প্রতিষ্ঠান ও সাধারণ করদাতাদের মধ্যে নেতিবাচক বার্তা যাচ্ছে। এতে কর পরিশোধে অনীহা বাড়তে পারে, যা পৌরসভার রাজস্ব ব্যবস্থাকে আরও দুর্বল করে দেবে। পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম অনেকাংশেই নির্ভর করে কর আদায়ের ওপর। অথচ বকেয়া কর আদায়ে দীর্ঘসূত্রতা ও নমনীয়তার কারণে উন্নয়ন কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে পৌরসভা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে দ্রুত কর পরিশোধের আহ্বান জানালেও প্রয়োজনীয় বরাদ্দ না থাকলে আংশিক অর্থ পরিশোধ এবং বাকি অর্থ সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে। তবে এমন নমনীয় অবস্থানকেও সমালোচনার চোখে দেখছেন অনেকেই। তাদের মতে, এতে কর ফাঁকি বা বিলম্বকে পরোক্ষভাবে উৎসাহ দেয়া হচ্ছে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে অবিলম্বে বকেয়া কর আদায়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে পৌরসভার রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জোরদার তদারকির প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :