​লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৮:০০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৮:২৭:২৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরের চকবাজারে ১৪৪ ধারা অমান্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

এর আগে, লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা ঘোষণা করে প্রশাসন। লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ নির্দেশনা জারি করেন।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) রাতে পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান এবং জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়, এতে উভয়েই সামান্য আহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেল পাঁচটায় শহরের চকবাজার মসজিদের সামনে থেকে ফাহিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। একই সময়ে, একই স্থানে মুন্নার ওপর হামলার প্রতিবাদে পাল্টা কর্মসূচি ঘোষণা করে জুলাই ফাইটার্স।

একই স্থান ও সময়ে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :