কেজিতে বেড়েছে ৩০০-৪০০ টাকা

ইলিশের গায়ে বৈশাখের ছোঁয়া

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৩:৫১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৪:১৭:২৮ অপরাহ্ন
দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর নববর্ষে আলাদা কদর রয়েছে ইলিশের। এজন্য চাহিদা থাকে তুঙ্গে। নববর্ষ শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ দেরি। তবে তার আগেই রাজশাহীতে বেড়েছে ইলিশ মাছের দাম। হঠাৎ করেই কেজিতে ৩০০-৪০০ টাকা দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেড়েছে। এজন্য বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। তবে বেচাকেনাও কম।

বুধবার (১ এপ্রিল) নগরীর সাহেববাজার, নিউমার্কেট, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগের তুলনায় ইলিশের দাম কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোট আকারের ৪০০ গ্রাম ওজনের ইলিশ সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ১১০০-১২০০ টাকায়। সেই মাছ আজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০০-১৬০০ টাকায়। একটু বড় ৬০০ গ্রাম ওজনের মাছের দাম উঠেছে ১৮০০-২০০০ টাকায়। আর বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৬০০ টাকা কেজি।

ক্রেতারা বলছেন, ইলিশ এখন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই ঐতিহ্য রক্ষার জন্য ইলিশ কিনতে এলেও উচ্চ দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। হায়দার রহমান নামের একজন ক্রেতা বলেন, ‌‘প্রতিদিনই মাছের দাম বাড়ছে। বিক্রেতারা যার কাছে যেমন পাচ্ছেন, তেমন দাম নিচ্ছেন। তাদের কাছ থেকে ইলিশ কেনা খুব কঠিন। সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছে না। আমি নিজেও ইলিশ না কিনে বাড়ি চলে যাচ্ছি।’সাহেব বাজারের ক্রেতা লিটন আলী বলেন, ‘অন্য মাছের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম অনেক বেড়েছে। আগে যেগুলো এক হাজার টাকায় বিক্রি হতো, এখন সেগুলো ১৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখ এলেই চাহিদা বাড়ে। তাই দামও বাড়ে। তবে এত বেশি আগে বাড়েনি।’ ওই বাজারের বিক্রেতা নীরব আলী বলেন, ‘৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মাছের দাম ১৬০০ টাকা বা তার বেশি। তবে বৈশাখের আগে দাম আরও বাড়বে কি-না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রতিদিনই দাম বাড়ছে। দাম বাড়তির কারণে মাছের বিক্রিও কমেছে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :