​ইঁদুর কাটছে কৃষকের স্বপ্ন !

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৩:২২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৩:২২:০১ অপরাহ্ন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোরো ধানের ক্ষেতে ইঁদুরের ব্যাপক উপদ্রব দেখা দিয়েছে। মাঠে এখন ধানের শীষ বের হওয়ার সময়, আর ঠিক এই গুরুত্বপূর্ণ পর্যায়ে ইঁদুরের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। রাতের আঁধারে ইঁদুর ধান গাছ কেটে ফেলায় ফলনের আশায় থাকা কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইঁদুরের কাছে বিলীন হয়ে যাচ্ছে স্বপ্ন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বোরো মাঠ ঘুরে দেখা গেছে, অনেক জমিতে ধানের শীষ বের হওয়ার পরপরই ইঁদুর গাছের গোড়া কেটে ফেলছে। এতে ধান মাটিতে লুটিয়ে পড়ছে এবং ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাড়িঘরের আশপাশের জমিতে এবং মোটা আইলের পাশের জমিগুলোতে ইঁদুরের আক্রমণ বেশি দেখা গেছে। এছাড়াও মাঠের অন্যান্য জমিতেও ইঁদুরের আক্রমণ দেখা গেছে।

কৃষকরা ইঁদুর দমনে বিষটোপ বা ফাঁদ ব্যবহার করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছেন না। দিন দিনই ক্ষতির পরিমাণ বাড়ছে। এ নিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। জমিতে ইঁদুরের আক্রমণে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইঁদুর দমন করা না গেলে ফসল উৎপাদন আশানুরূপ হবে না বলেও মনে করছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার কৃষক জসিম উদ্দিন বলেন, সবেমাত্র ধান গাছে শীষ বের হতে শুরু করেছে। এরই মধ্যে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। বিষটোপ বা ফাঁদ ব্যবহার করেও ইঁদুর দমন করতে পারছি না। জমিতে গিয়ে প্রতিদিনই ইঁদুরে কাটা নতুন নতুন ধান গাছ পাচ্ছি। আশানুরূপ ফলন নিয়ে শঙ্কায় আছি।

উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকার কৃষক সিদ্দিক মিয়া বলেন, অনেক চেষ্টা করেও জমি থেকে ইঁদুর দমন করতে পারছি না। প্রতিদিন সকালে জমিতে গিয়ে কাটা ধান গাছ দেখলে মনটা খারাপ হয়ে যায়। কৃষি অফিসের পরামর্শে নানা চেষ্টা করেও সুফল পাচ্ছি না। এভাবে চলতে থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে আমাদের। উপজেলার সাহেবাবাদ এলাকার কৃষক শিরু মিয়া বলেন, ভালো আবহাওয়া ও সময় মতো সেচ পাওয়ায় এবার বোরোর ফলন ভালো হবে আশা করেছিলাম। কিন্তু হঠাৎ করে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। রাতে দল বেঁধে এসে ধান গাছ কেটে ফেলছে। আমরা বিভিন্নভাবে দমন করার চেষ্টা করছি, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বোরো ধানের শীষ বের হওয়ার সময় ইঁদুরের আক্রমণ হলে ক্ষতির পরিমাণ বেশি হয়। তাই এ সময়ে সমন্বিতভাবে ইঁদুর দমন কার্যক্রম জোরদার করা জরুরি। জমি থেকে ঠিকভাবে ইঁদুর দমন করা না গেলে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন বলেন, ইঁদুর দমনে কৃষকদের সচেতন করতে মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :