আয়কর রিটার্ন

জরিমানা এড়াতে অনলাইনে আবেদনের সুযোগ

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১১:৩৫:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১১:৩৫:১৭ পূর্বাহ্ন
২০২৫-২৬ করবর্ষের ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার (৩১ মার্চ)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা রিটার্ন দিতে পারবেন না, তাদের জরিমানা এড়াতে অবশ্যই অনলাইনের মাধ্যমে সময়ের আবেদন করতে হবে। আবেদন করলে করদাতারা কোনো অতিরিক্ত কর বা জরিমানা ছাড়াই রিটার্ন জমার জন্য আরও ৯০ দিন পর্যন্ত সময় পেতে পারেন।

রোববার (২৯ মার্চ) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এনবিআর বলছে, এবারের করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের তথ্যমতে, এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা সফলভাবে তাদের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। তবে যারা এখনো প্রস্তুতি নিতে পারেননি, তাদের জন্য অনলাইন সিস্টেমেই ‘টাইম এক্সটেনশন’ বা সময় বৃদ্ধির মেন্যু রাখা হয়েছে। গত কয়েক দিনে ৫ হাজারের বেশি করদাতা এই সুযোগ নিয়েছেন এবং দ্রুততম সময়ে তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা এখনো রিটার্ন দাখিল করেননি, তাদের ৩১ মার্চের আগেই অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দিলেও কোনো বাড়তি জরিমানা গুনতে হবে না। তবে যারা এখনো ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেননি, তাদের অবশ্যই নিজের নামে নিবন্ধিত বায়োমেট্রিক সিম ব্যবহার করে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এনবিআর আরও জানিয়েছে, যাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট কর সার্কেলে গিয়ে লিখিতভাবে সময়ের আবেদন করতে পারবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক /এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :