তেলের জন্য ফিলিং স্টেশনে কৃষকদের বিক্ষোভ

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১১:১৪:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১১:১৪:০২ পূর্বাহ্ন
শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে বিক্ষোভে ফেটে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ। সেচ মৌসুমে প্রয়োজনীয় তেল না পেয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

শনিবার (২৮ মার্চ) সদর উপজেলার মনোহর মোড় এলাকায় মেসার্স আব্দুল জলিল ফিলিং স্টেশনে তেল নিতে এসে শতাধিক কৃষক বিক্ষোভ করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেলের সরবরাহ স্বাভাবিক নেই। কোথাও তেলের গাড়ি আসার খবর পেলেই বাস, ট্রাক, মোটরসাইকেল ও কৃষকদের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি।

মনোহর মোড়ের আব্দুল জলিল ফিলিং স্টেশনটি টানা দুই দিন বন্ধ থাকার পর শনিবার বিকেলে তেল সরবরাহ শুরু করে। তবে কৃষকদের জন্য উন্মুক্তভাবে তেল বিক্রি বন্ধ রাখা হয় এবং অন্যান্য যানবাহনেও সীমিত পরিমাণে তেল দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তেল নিতে আসা কৃষক মুমিন হাওলাদার বলেন, টানা তিন দিন ধরে তেল পাচ্ছি না। ট্রাক্টর চালাতে পারছি না, সেচের পাম্প বন্ধ। সময়মতো পানি না দিলে ফসল নষ্ট হয়ে যাবে।

আরেক কৃষক আজিজুল তালুকদার বলেন, প্রতিদিন তেলের জন্য ঘুরছি, কিন্তু কোনো সমাধান নেই। কাজ করতে না পেরে আমরা দিশেহারা হয়ে পড়েছি। কৃষক রশিদ খান জানান, তেলের অভাবে কৃষি কার্যক্রম প্রায় স্থবির হয়ে গেছে, এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকদের অভিযোগ, কোথাও সীমিত পরিমাণে তেল দেয়া হচ্ছে, আবার কোথাও একেবারেই মিলছে না। ফলে বোরো ধানের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রুত তেল সংকট নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন শরীয়তপুরের কৃষকরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :