​বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: ডয়চে ভেলেকে তথ্যমন্ত্রী

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৫:১১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৬:০০:৩৪ অপরাহ্ন
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেয়ার পর অন্তর্বর্তী সরকার দেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএলের খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার করা যাবে না।

তবে নির্বাচন-পরবর্তী সময়ে নতুন সরকারের অবস্থান ভিন্ন। বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে বর্তমানে কোনো বাধা নেই।

শনিবার (২৮ মার্চ) থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ-এর ম্যাচ দিয়ে ১৯তম আইপিএল মাঠে গড়ালেও, বাংলাদেশে সম্প্রচার নিয়ে আর কোনো নিষেধাজ্ঞা কার্যকর নেই বলে স্পষ্ট করেছেন মন্ত্রী।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেয়নি। তবে কেউ আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। খেলাধুলাকে রাজনৈতিকভাবে না দেখে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই বিষয়টি মূল্যায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের পূর্ববর্তী নির্দেশনা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সেই নির্দেশনার এখন আর কোনো কার্যকারিতা নেই। বর্তমান সরকার নতুনভাবে সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে, বাংলাদেশি কোনো টিভি চ্যানেল আইপিএলের সম্প্রচারস্বত্ব না কিনলেও দর্শকরা ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের মাধ্যমে ম্যাচগুলো দেখতে পারবেন। বিদেশি চ্যানেলে আইপিএল সম্প্রচারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, সরকার জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। কেউ যদি সম্প্রচারের জন্য আবেদন করে, সেটিও ইতিবাচকভাবে বিবেচনা করা হবে এবং দর্শকদের খেলা দেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না।

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স দলে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়ার পরই আইপিএল সম্প্রচার নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, উগ্রবাদীদের দাবির মুখে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই সিদ্ধান্ত নেয়। ওই ঘটনার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও, যার ধারাবাহিকতায় বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফর করেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :