বাংলাদেশি আলুর জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১২:০২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১২:০২:০৬ অপরাহ্ন
ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রফতানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দেয়। হ্যানয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনও দেশ আলু রফতানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রফতানির জন্য যোগ্যতা অর্জন করেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ অর্জন বাংলাদেশের আলু রফতানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং একইসঙ্গে স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন। তিনি উল্লেখ করেন, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই রফতানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসে সহায়ক হবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এ অর্জন বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য যেমন তিল ভিয়েতনামে রফতানির পথ সুগম করবে। তিনি বলেন, দূতাবাস বাংলাদেশি কৃষিপণ্যের জন্য ভিয়েতনামের বাজারে আরও প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ অব্যাহত রাখবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক /এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :