টানা ৭ দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১১:৫০:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১১:৫০:১৫ পূর্বাহ্ন
দেশের বাজারে টানা সাত দফা কমার পর আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিপ্রতি ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) বাজুস টানা সপ্তম দফায় স্বর্ণের দাম কমায়। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৪৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়; যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল। এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ভরিতে ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারিত রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ২৯ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার।

বাংলাস্কুপ/প্রতিবেদক /এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :