মির্জা ফখরুল

​জিয়াউর রহমানের আহ্বানে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১১:৫১:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি (তারেক রহমান) সুখী-সমৃদ্ধ দেশ গড়বেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি। আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামীর দিনগুলোতে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী-সমৃদ্ধ দেশ গড়বেন।’

মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, যার আহ্বানে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সঙ্গে স্মরণ করছি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে, যিনি শুরু থেকেই গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন।’

তিনি আরও বলেন, ‘গত ১৫-১৬ বছর ফ্যাসিস্টের জাঁতাকলে গণতন্ত্র চাপা পড়েছিল। তখন দেশের মানুষ লড়াই করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে।’

তিনি যোগ করেন, ‘আজ আমরা ভিন্ন এক পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি। সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত পরিবেশে দিবসটি পালন করা হচ্ছে। তবে একটি দুঃখ রয়ে গেছে—স্বাধীনতার আরেকজন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই।’

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল হলো ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’। প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন, সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। তারেক রহমানের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং তিনি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তুলবেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :