স্বরাষ্ট্রমন্ত্রী

​রাজারবাগে হামলা জাতিকে স্বাধীনতার ঘোষণায় বাধ্য করেছে

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১১:৪৯:১২ পূর্বাহ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে হামলা না করলে স্বাধীনতার ঘোষণা আরও কিছুদিন পরে হতে পারত। ওই ঘটনা জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে যেতে বাধ্য করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সকাল ৭টায় স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ২৫ মার্চ রাতে সবচেয়ে বেশি শহীদ হন রাজারবাগে। সেখান থেকেই প্রথম গণহত্যার সূচনা হয়, যা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তার মতে, রাজারবাগের ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণার প্রাথমিক ভিত্তি তৈরি করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই হামলা না হলে স্বাধীনতার ঘোষণা কয়েক দিন বিলম্বিত হতে পারত। কিন্তু পরিস্থিতিই জাতিকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

তিনি ১৯৭১ সালের ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান রাজারবাগে হামলার খবর পেয়ে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী জানান, ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন এবং বিশ্বের সমর্থন কামনা করেন।

তিনি বলেন, রাজারবাগে পুলিশ বাহিনীর আত্মত্যাগই মুক্তিযুদ্ধের ঘোষণার সূচনা হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। স্বাধীনতা দিবসে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বহু বছর পর এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া হচ্ছে, যা সরকারের গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :