গণকবরে শুকানো হচ্ছে ধান-চাল, রাতে মাদকের আড্ডা

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০১:০১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০১:০১:৫৭ অপরাহ্ন
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বালাবাড়িতে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিবিজড়িত একটি গণকবর এখন চরম অবহেলায় হারিয়ে যেতে বসেছে। যেখানে থাকার কথা ছিল গভীর শ্রদ্ধা আর নীরব সম্মানের পরিবেশ— সেখানে দিনের বেলায় শুকানো হচ্ছে ধান-চাল ও খড়, আর রাত নামলেই বসছে মাদকসেবীদের আড্ডা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণকবরটির ওপর ছড়িয়ে রাখা হয়েছে কৃষিপণ্য। স্মৃতিস্তম্ভের ইট খসে পড়েছে, অনেক জায়গায় খোয়া গেছে নির্মাণসামগ্রী। এমনকি স্মৃতিস্তম্ভটি ঘিরে থাকা দেয়ালের লোহার গ্রিলও চুরি হয়ে গেছে। পুরো এলাকাজুড়ে বিরাজ করছে অযত্ন আর অবহেলার স্পষ্ট চিত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এই এলাকার বহু নিরীহ মানুষকে ধরে এনে বালাবাড়িতে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার পর স্থানীয়দের উদ্যোগ ও সরকারি সহায়তায় সেখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ ও গণকবর। প্রায় ২০ জন শহীদকে এখানে সমাহিত করা হয়। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার বা তদারকি না থাকায় আজ এটি ধ্বংসের মুখে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ স্থান এভাবে অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের এই রক্তাক্ত ইতিহাস সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হবে।

রাসেল নামের একজন বলেন, প্রশাসনের যথাযথ উদ্যোগ না থাকবার কারণে গণকবরটির এমন বেহাল অবস্থা। দিনের বেলায় এখানে কৃষিপণ্য শুকানো হয়, আর রাতে বসে মাদকের আড্ডা। প্রশাসনের কাছে আকুল আবেদন গণকবরটির যথাযথ ব্যবস্থা নেয়া হোক।

বীর মুক্তিযোদ্ধা কর্ণধর বর্মা বলেন, এই গণকবর শুধু একটি স্থান নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস। অথচ আজ এটি অবহেলায় পড়ে আছে। দ্রুত সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ না নিলে একসময় এই ইতিহাসের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না।

চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, শহীদদের প্রতি সম্মান জানাতে এই গণকবর সংরক্ষণ অত্যন্ত জরুরি। যেদিন গণহত্যা দিবস আসে সেদিন হয়তো এখানে আমরা আসি। সেদিনটি পার হয়ে গেলে আর কোনো খোঁজ থাকে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :