​দিনমজুরের বুদ্ধিমত্তায় বেঁচে গেল ট্রেনের কয়েক শ যাত্রী

আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১০:২৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১০:২৩:০৩ অপরাহ্ন
একটু পরেই ঘটতে পারত ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কিন্তু আগাম বিপদের আভাস পান দিনমজুর এনামুল হক (৬৫)। তিনি দেখতে পান রেললাইনের প্রায় এক ফুট অংশ ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধের উপায় খুঁজতে শুরু করেন।

প্রথমে আশপাশের লোকজনকে স্টেশনে ফোন করে বিষয়টি জানাতে বলেন। এরপর নিজে লাল কাপড় খুঁজতে থাকেন সংকেত দেওয়ার জন্য। কিন্তু লাল কাপড় না পেয়ে পাশের একটি কলাগাছ থেকে মোচা ছিঁড়ে তার লাল পাপড়ি সংগ্রহ করেন।

পরে সেই পাপড়ি একটি লাঠির মাথায় বেঁধে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে সতর্ক সংকেত দিতে থাকেন। কিছুক্ষণ পর আসা ট্রেনটি সেই সংকেত দেখে থেমে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় বড় ধরনের দুর্ঘটনা, বেঁচে যান শত শত যাত্রী।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-বিরামপুর রেলপথের ৩৫২/৫ থেকে ৩৫২/৬ কিলোমিটারের মাঝামাঝি এলাকায়।

স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা এনামুল হক সকালে কাজের উদ্দেশ্যে রেলপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভাঙা রেললাইনটি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশের লোকজনকে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানাতে বলেন।

পরিস্থিতি গুরুতর হওয়ায় তিনি নিজেই উদ্যোগ নেন। প্রথমে লাল কাপড় খুঁজতে থাকেন, কিন্তু না পেয়ে পাশের কলাবাগান থেকে কলার মোচা ছিঁড়ে তার লাল পাপড়ি সংগ্রহ করেন। এরপর সেটি একটি লাঠির মাথায় বেঁধে সতর্ক সংকেত তৈরি করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে যান।

এর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। চালক লাল সংকেত দেখে ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের শত শত যাত্রী।

এদিকে এনামুল হকের ছেলে শাহিনুর রহমান পার্বতীপুর রেলওয়ে অফিসে ফোন করে বিষয়টি জানালে প্রায় আধা ঘণ্টার মধ্যে প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছে জরুরি মেরামত কাজ সম্পন্ন করে। পরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার পর এনামুল হকের সঙ্গে কথা বলতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি কাজের সন্ধানে ফরিদপুর জেলায় গেছেন।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে রেললাইন ভাঙার খবর পেয়ে দ্রুত মেরামত করা হয় এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে এ ঘটনার সময় প্রায় ৪৫ মিনিট ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। একই কারণে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনও কিছু সময় আটকে ছিল। স্থানীয়দের সচেতনতা ও এনামুল হকের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :