​ইরান যুদ্ধ ‘গুটিয়ে নেওয়ার’ কথা বিবেচনা করছি : ট্রাম্প

আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০১:১৪:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০১:১৪:৫৭ পূর্বাহ্ন
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সংকট ও তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইরানি তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলো অর্জনের ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি ব্যবহারের সুবিধাভোগী অন্য দেশগুলোকেই এর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আর যুক্তরাষ্ট্র এই পথ ব্যবহারকারী দেশগুলোর তালিকায় নেই।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান কার্যত এই নৌপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম হু হু করে বেড়েছে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তার দেশ শত্রুপক্ষকে ‘চরম নাস্তানাবুদ’ করে ছেড়েছে।

এর আগেও ট্রাম্প কয়েকবার যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও বাস্তবে সংঘাত কেবল বেড়েছে। এরই মধ্যে হোয়াইট হাউস চলতি সপ্তাহে এই যুদ্ধের জন্য আরও ২০০ বিলিয়ন ডলার বরাদ্দের আবেদন করেছে; পাশাপাশি ওই অঞ্চলে পাঠানো হচ্ছে আরও সৈন্য ও যুদ্ধজাহাজ।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমি কোনো যুদ্ধবিরতি করতে চাই না। যখন আপনি আক্ষরিক অর্থেই প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতির কোনো প্রশ্নই আসে না।'

এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে পরিচালিত আমাদের বিশাল সামরিক অভিযানগুলো এখন গুটিয়ে নেওয়ার কথা ভাবছি; কারণ আমরা আমাদের লক্ষ্য অর্জনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এ কারণে বড় পরিসরের সামরিক কার্যক্রম সীমিত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।’

ট্রাম্প যে এই প্রথমবার যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেন, এমনটি নয়। গত ৯ মার্চ সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমার মনে হয় যুদ্ধ মোটামুটি পুরোপুরিই শেষের পথে।'

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :