​চট্টগ্রামে বহুতল মার্কেটে আগুন, দুইজনের মৃত্যু

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০১:০৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০১:০৪:১৪ অপরাহ্ন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ‘কেবি অর্কিড প্লাজা’ নামের ওই মার্কেটে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কেবি অর্কিড প্লাজার ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার মামনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। 

বাংলাস্কুপ/প্রতিনিধ/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :