​শিল্পাঞ্চলগুলোতে ব্যাংক খোলা থাকবে আজ

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০১:২৯:০৬ অপরাহ্ন
দেশের শিল্পাঞ্চলগুলোতে বৃহস্পতিবার (১৯ মার্চ) সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকছে। মূলত, ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১০ মার্চ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, নির্ধারিত কিছু এলাকায় ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো স্বল্পসংখ্যক জনবল দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মূলত ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প-ঘন এলাকাগুলোতে অবস্থিত ব্যাংক শাখাগুলো এই বিশেষ সেবার আওতায় রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি রাখা হয়েছে।

বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে আজ যেসব শাখা খোলা রাখা হয়েছে তার মধ্যে রয়েছে প্রাইম ব্যাংকের আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা। ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় লেনদেন চালু রেখেছে।

ব্র্যাক ব্যাংকের মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা রয়েছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়ার শাখাও চালু রেখেছে। এনসিসি ব্যাংক তাদের মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সেবা দিচ্ছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কাওরান বাজার ও গুলশানসহ নির্দিষ্ট কিছু শাখা খোলা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বেশ কিছু শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক নির্ধারিত বিশেষ ভাতা প্রাপ্য হবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :