ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন ড. মামুন আহমেদ

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০১:৩২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০১:৩২:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

ইউজিসি’র বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ নবনিযু্ক্ত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময়ে ইউজিসি সদস্য ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ড. মো. সাইদুর রহমান, ড. মাছুমা হাবিব, ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন-১৯৭৩ অনুযায়ী ড. মামুন আহমেদকে আগামী চার বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গত ১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। তার যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপত্রের শর্তানুযায়ী তিনি প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমান পদে যোগদানের পূর্বে দেড় বছরেরও বেশি সময় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করেন। শিক্ষা ও গবেষণায় সমানভাবে উজ্জ্বল ড. মামুন আহমেদ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালের ২৮ মার্চ প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার শিক্ষকতা জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :