পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১২:০৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১২:০৭:৪৫ অপরাহ্ন
পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই। এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ওই এলাকায় গাড়ির সংকট রয়েছে। তাই পদ্মা সেতু এলাকা থেকে যাত্রীরা খোলা ট্রাকে ছুটছেন গন্তব্যে। বুধবার (১৮ মার্চ) সকালে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে ২০০ টাকা ভাড়ায় ট্রাকে চড়ে বরিশালের উদ্দেশে যাত্রীদের ছুটতে দেখা গেছে।

ঈদকে সামনে রেখে বুধবার ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। টোল আদায়ের সময় গাড়ির জটলা দেখা গেছে। তবে সেই জটলা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। দীর্ঘ অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। 

এ ব্যাপারে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন সকাল পৌনে ৯টার দিকে ঢাকা পোস্টকে বলেন, পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বেড়েছে তবে কোনো যানজট নেই। গতকালের মতো আজও চাপ রয়েছে। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু হয়ে ৩৮ হাজার ৫৫৭টি গাড়ি পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার ৯০০ টাকা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :