​২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে প্রজ্ঞাপন

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:১৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৬:০০:২৩ অপরাহ্ন
দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যমান লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করেছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মুন্না রাণী বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বাতিল থাকবে।

আদেশে উল্লেখ করা হয়, লটারি পদ্ধতি বাতিলের পর অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, এর ফলে ইতোপূর্বে জারি করা (১৩ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখের) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি নির্দেশক্রমে বাতিল করা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লটারি পদ্ধতির পরিবর্তে মেধা যাচাই বা অন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে।

শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :