গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে আইজিপি

ঈদযাত্রায় কঠোর পুলিশ, অন্যায়ের সঙ্গে কোনো আপস নয়

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০২:১৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৫:২৪:২৯ অপরাহ্ন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের সঙ্গে আপস করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঈদযাত্রা সুষ্ঠু রাখতে দেশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতায় মাঠে থাকবে পুলিশ।

আইজিপি বলেন, প্রতিবছর ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা চলছে। যানজটপ্রবণ স্থানগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

চালক ও সহকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অনেক সময় অসচেতনতার কারণে যানজট বাড়ে। সামান্য সচেতনতা বাড়ালেই বড় ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব।

বাস টার্মিনালে বাড়তি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। টার্মিনাল এলাকায় সক্রিয় ছিনতাইকারী ও অপরাধীদের দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে তিনি জানান, ঢাকার ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টিকিটের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ না করার প্রবণতাকে দুঃখজনক উল্লেখ করে আইজিপি বলেন, আইন জানা ও তা মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। অজুহাত হিসেবে আইন না জানাকে গ্রহণযোগ্য ধরা হবে না।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :