খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বড় বাজেট রাখা হয়েছে: অর্থমন্ত্রী

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৫:১৯:১৪ অপরাহ্ন
চট্টগ্রামের মীরসরাইয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বড় অঙের বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রামের মীরসরাইয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রকল্পটি বাস্তবায়নের আগে সব ধরনের অর্থনৈতিক হিসাব বিবেচনা করা হয়েছে। প্রতিটি উদ্যোগ নির্দিষ্ট ব্যয় নির্ধারণ ও বাজেটের আওতায় পরিকল্পনা করা হয়েছে।” তিনি বলেন, “সরকারের নির্বাচনি পরিকল্পনায় সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে আগামী ছয় মাসের মধ্যে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার খাল খননের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।”

মন্ত্রী বলেন, “খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। একটি খালের কাজ সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসতে পারে। এর মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে।” খাল দখলের বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশের অনেক খাল বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দখলে চলে গেছে। এসব খালের সীমানা নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যেখানে সরকারি মালিকানা রয়েছে সেখানে অবৈধ দখল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সীমানা চিহ্নিত করার পর পর্যায়ক্রমে খনন কাজ পরিচালনা করা হবে।”

সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি এই প্রকল্পও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :