২৪ ঘণ্টায় ইরানে দুই শতাধিক স্থাপনায় ইসরায়েলের হামলা

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১০:১৭:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১০:১৭:১৩ পূর্বাহ্ন
ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪০০টি আক্রমণ মিশন পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। এতে ইরানের ২০০টির বেশি অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার সেনাবাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েইয়া জানান, এসব হামলায় ইরানের জরুরি কমান্ড কাঠামোর কয়েকজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে লেবাননেও হামলা অব্যাহত রয়েছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা বন্ধ হবে না।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় ৪ হাজার ৭০০টি আক্রমণ মিশনে ৭ হাজার ৬০০টির বেশি হামলা চালানো হয়েছে। এতে প্রায় ২ হাজার সরকারি স্থাপনা এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪ হাজার ৭০০টি স্থানে আঘাত করা হয়েছে। এদিকে লেবাননেও প্রায় ১ হাজার ১০০টি স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ক্ষেপণাস্ত্র গুদাম, কমান্ড সেন্টার ও হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর অবস্থান ছিল। হতাহতের বিষয়ে ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ বেসামরিক ও দুই সেনাসদস্য। আহত হয়েছেন ৩ হাজার ৩১০ জন, তাদের মধ্যে ৪৩৬ শিশু।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সংঘাতে তাদের ১৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর এই সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪৮ শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর ২ মার্চ লেবাননের হিজবুল্লাহ যুদ্ধে যোগ দিলে সংঘাত আরও বিস্তৃত হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :