​ইরানে যুদ্ধ থামাতে ট্রাম্পকে পুতিনের ফোন, কী কথা হলো

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৩:৫৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৪:০০:১৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় এক ঘণ্টা স্থায়ী ওই আলোচনায় ইরান যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন পুতিন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ ও ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন দুই নেতা।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে ‘খোলামেলা ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের পর মঙ্গলবার (১০ মার্চ) তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। আলোচনায় ইরান যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের চলমান সংঘাতও গুরুত্ব পায়।

রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, রাশিয়া যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক পথে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। পুতিন ইরান যুদ্ধের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতার বিষয়টিও আলোচনায় এসেছে। এ সময় ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

ইউরি উশাকভের দাবি, ওয়াশিংটনই একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করার জন্য পুতিনের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। ইরানের সংঘাত নিরসনে পুতিন কয়েকটি প্রস্তাবও দিয়েছেন বলে জানান তিনি। তবে সেসব প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের মতে, ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনায় রাশিয়া পরোক্ষভাবে ইরানকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :