​রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৫২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৫২:২২ অপরাহ্ন
রমজান মাসের পরপরই সরকার সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সন্ত্রাস দমনে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে ‘মব’ বলা ঠিক নয়। অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব হিসেবে আখ্যায়িত করছেন। তবে সরকার কোনোভাবেই মব সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে না এবং তা বন্ধে কাজ করছে।

তিনি আরও বলেন, রমজান মাসের পরপরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করা হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধী আইনের বাইরে থাকবে না। এটি সরকারের প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা।

তিনি বলেন, দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগণের জন্য আরও স্বস্তিকর করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাই সেখানে কোনো ধরনের ঝুপড়ি বা পলিথিনের দোকান থাকতে পারবে না।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। একই সঙ্গে সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :