​৬০ দিনেই পাল্টে যাবে নারায়ণগঞ্জ, চেয়ারে বসেই চ্যালেঞ্জ সাখাওয়াতের

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৩:২৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৩:৩৪:৫১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম কর্মদিবস শুরু করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি আগামী ৬০ দিনের মধ্যে মশা নিধন, রাস্তা মেরামত, যানজট নিরসন ও ধুলোবালিমুক্ত পরিচ্ছন্ন নগর গড়ার এক উচ্চাভিলাষী ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নগর ভবনে উপস্থিত হন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর নিজ কার্যালয়ে বসে শোকরানা দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবীর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সবাইকে নিয়ে নিজেই শোকরানা দোয়া করেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নতুন প্রশাসক বলেন, 'আমি একটি বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আগামী ৬০ দিনের মধ্যে নাগরিক সমস্যা সমাধানে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হবে। মশা নিধন, রাস্তাঘাট সংস্কার এবং শহরকে ধুলোমুক্ত করাই হবে আমার প্রাথমিক লক্ষ্য।' েতিনি আরও বলেন, 'আমার সফলতা মানেই নগরবাসীর সফলতা। প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং সব ওয়ার্ডের সাবেক কাউন্সিলরদের সাথে নিয়ে আমি নারায়ণগঞ্জকে নতুনভাবে সাজাতে চাই। এ কাজে আমি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করি।' নগরের চিরচেনা যানজট ও ফুটপাত দখল প্রসঙ্গে সাখাওয়াত হোসেন জানান, নতুন নীতিমালা প্রণয়ন করে ফুটপাতের হকার সমস্যা সমাধান করা হবে। এছাড়া ব্যাটারিচালিত অবৈধ যানবাহনগুলোকে কঠোর নিয়মের আওতায় আনার ব্যাপারেও তিনি প্রতিশ্রুতি দেন।

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১১ সালে গঠিত হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়তন ৭১.৪৩ বর্গ কিলোমিটার। ২০ লাখেরও বেশি অধিবাসী অধ্যুষিত এই নগরে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ। দীর্ঘ সময় পর নতুন এই প্রশাসনিক পরিবর্তনে নগরবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :