​সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১২:৪৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১২:৪৩:৩৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

শুধু সংসদ সদস্য হিসেবেই নয়, জামায়াতের নবনির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।

এর আগে সকালে প্রথম ধাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদ সদস্যরা শপথ নেন।

তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে শুরুতে অনিশ্চয়তা দেখা দেয়। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, বিএনপির সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতও এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

এদিকে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় বৈঠকে সংসদ নেতা নির্বাচন করা হবে। পরে সেই নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন। এরপর রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :