​রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০১:৩০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৩:০২:৪৩ অপরাহ্ন
দীর্ঘ ২০ বছর পর আজ বুধবার (২১ জানুয়ারি) সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম নির্বাচনি জনসভা। এই সফরের মধ্য দিয়ে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্র জানায়, সিলেটের উদ্দেশে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি নিজেই এ তথ্য জানান।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সিলেট থেকেই বিএনপির নির্বাচনি প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আকাশপথে সিলেট যাবেন বলে জানান। প্রচারে ব্যবহৃত যানবাহন আগেই সিলেটে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভার শুরুতেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

জনসভায় অংশ নেওয়ার আগে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা জানিয়েছেন, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটতে পারে।

জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

তারেক রহমানের সফর উপলক্ষে জেলা ও মহানগর পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসভাস্থল এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

দুই দশক পর তারেক রহমানের সিলেট সফর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে। এই সফর ও জনসভা আসন্ন জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :