বাস উল্টে প্রাণ গেল ১৬ জনের

আপলোড সময় : ২২-১২-২০২৫ ১২:৩১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৫ ১২:৩১:৫৩ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এক উদ্ধারকর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার দিকে যাচ্ছিল বাসটি। একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি ‘অতিরিক্ত দ্রুতগতিতে’ চলছিল। এ সময় সড়কের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার পর মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আহত কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় প্রতিদিন ঘটে সড়ক দুর্ঘটনা। পুরোনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :