​কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি?

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:০৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:০৯:৫১ অপরাহ্ন
চলতি সপ্তাহেই নিয়োগ পেতে যাচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি। সর্বমহলে এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে—কে হচ্ছেন প্রধান বিচারপতি? সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একক ক্ষমতা দেওয়া রয়েছে।
 
সংবিধানের অনুচ্ছেদে ৯৫(১)-এ উল্লেখ রয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।’
 
জ্যেষ্ঠতা বিবেচনায় বিচারাঙ্গনের প্রধানকেই নিয়োগ দেওয়ার রীতি রয়েছে। এ অবস্থায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ছাড়া বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছয়জন বিচারপতি রয়েছেন। জ্যেষ্ঠতা অনুসারে তারা হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আপিল বিভাগের ছয় বিচারপতির মধ্যে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নাম বেশি আলোচনায় রয়েছে।

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হলে উচ্চ আদালতের বিচারপতিদের অবসরে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ৬৭ বছর পূর্ণ হচ্ছে। এমতাবস্থায় দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাচ্ছেন ২৭ ডিসেম্বর। তবে ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের শীতকালীন অবকাশ শুরু হওয়ায় ১৮ ডিসেম্বরই প্রধান বিচারপতি হিসেবে শেষবারের মতো তিনি এজলাসে বসেন।

২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় গত ১৮ ডিসেম্বর (ছুটির আগে শেষ কর্মদিবস) তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে বিদায়ী অভিভাষণও দিয়েছেন প্রধান বিচারপতি। অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা রক্ষা, নাকি লঙ্ঘনের ঘটনা ঘটবে—তা নিয়ে আলোচনা চলছে আইন অঙ্গনে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :