​শাহবাগ চত্বরে জুমার নামাজ, বিশেষ দোয়া

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৫:৫০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৬:০৪:৪২ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে জুমার নামাজ আদায় করেছেন হাজার হাজার মানুষ। নামাজ শেষে ওসমান হাদিসহ গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শাহবাগ চত্বরে এ জুমার নামাজ অনুষ্ঠিত হয়। 

নামাজ শেষে মোনাজাতে ইমাম বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। তার জীবনের সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে দিন। তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

এ সময় আবরার ফাহাদ, মীর মুগ্ধ, আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি আন্দোলনে আহত হয়ে যারা মানবেতর জীবন যাপন করছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।  

মোনাজাতে আরও বলা হয়, ‘হে আল্লাহ, হাসিনা অফিস-আদালতে তার বাবার মূর্তি বসানোর চেষ্টা করেছে। কিন্তু তুমি তো অন্তরের মালিক। তুমি মানুষের মনে এমন ঘৃণা সৃষ্টি করেছ যে, সেই মূর্তি তারা ভেঙে দিয়েছে। তুমি আবারও দেখিয়ে দিয়েছ, ফেরাউনদের তুমি ছাড় দাও, কিন্তু ছেড়ে দাও না। তরুণদের মধ্যে তুমি এমন শক্তি দিয়েছ যে, তারা কোনো অন্যায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। এই তরুণরাই আগামী দিনে ইসলামের পতাকা সমুন্নত রাখবে।’

মোনাজাতে ইমাম বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন দল ও মত থাকতে পারে। কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জন্য লড়াই করতে হবে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :